২৮ ফেব্রুয়ারি, ২০২৬
গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকার একটি দোকান থেকে নগদ টাকা ও চাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ‘সৌরভ ট্রেডার্স’ দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মকবুল হোসেন (৬৪)। তিনি গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত রানা মিয়ার ছেলে। তার দাবি, দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ দেড় লাখ টাকা ও ১০ বস্তা চাল লুট করা হয়েছে। এ ঘটনায় তিনি পাঁচ জনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলছিল। এরই জেরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দোকান থেকে ২৫ কেজির ১০টি বস্তা, এবং ক্যাশে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
আরও জানা গেছে, ঘটনার সময় বাজারের নৈশপ্রহরী জানু মিয়া ও মুরাদ মিয়াসহ পথচারীরা বাধা দিলে অভিযুক্তরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
মকবুল হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে আমার দোকানে এই লুটপাট চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’