২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. রাফিউল আজাদ রাফি।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি আরিফুল ইসলাম (আরিফ) ও আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ (গাজী), সাংগঠনিক সম্পাদক আকরাম খান, দফতর সম্পাদক শরিফুল ইসলাম।
নিজের অনুভূতি প্রকাশ করে নতুন কমিটির সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন, প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টাগণ ও আমার ময়মনসিংহের সব জবিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।
সাধারণ সম্পাদক মো. রাফিউল আজাদ রাফি বলেন, ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেবায় এবং জেলার ঐতিহ্য রক্ষায় কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। আমরা চাই আমাদের জেলার কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে এসে নিজেকে একা মনে না করে। শিক্ষার্থীরা যাতে যেকোনো প্রয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণকে তাদের সবচেয়ে বড় ভরসাস্থল মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করব।