টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১

০১ মার্চ, ২০২৬

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় রবিবার বিকেলে ফুটপাত দখল করে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি মঞ্জুরুল করিম রনির পোস্টার টাঙিয়ে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে একটি ঘর নির্মাণ করেন। পরে সেটিকে ‘সড়ক পরিবহন শ্রমিক দল’-এর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করা হয়। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার-এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে আটক করে।

এ বিষয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা রয়েছে—দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় এনে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, মহাসড়কের পাশে ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হবে।