০২ মার্চ, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামসুন্নাহার রুমা’র হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, সামসুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হত্যার বিচার দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাসা থেকে স্কুলশিক্ষকা সামসুন্নাহার রুমার (৪৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।