মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

০২ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও বেআইনি ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

আজ সোমবার সকাল বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর মোল্লার জিম্মায় খালে মজুতকৃত বালু দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়।

এ সময় অবৈধ ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও খাল দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।