লিবিয়া উপকূলে নৌকাডুবে ৪ অভিবাসীর মৃত্যু

০২ মার্চ, ২০২৬

পূর্ব লিবিয়ার টোব্রুক উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জন নিখোঁজ রয়েছে।স্থানীয় সময় (১ মার্চ) রবিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নৌকাটিতে ৩১ জন অভিবাসী ছিলেন।

এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিহত ও নিখোঁজদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ ও সংঘাতের কারণে নিরাপদ পথ না পেলে মানুষ বাধ্য হয়ে সমুদ্রপথের মতো ঝুঁকিপূর্ণ রাস্তায় পা বাড়ায়।

এ অবস্থায় নিরাপদ ও বৈধ অভিবাসন পথ সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন ব্যবস্থার দাবি জানিয়ে আসছে।