০৪ মার্চ, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি হেলমেট প্রক্রিয়াজাত কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
অভিযানে ‘জেকেএম ট্রেডার্স’ নামক কারখানার প্রধান সোহেল দেওয়ানকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা। পাশাপাশি পল্লী বিদ্যুতের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে অনুমোদনবিহীন কোনো কারখানায় বিদ্যুৎসংযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।