০৪ মার্চ, ২০২৬
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগুমটিতে বিকল হয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আন্তঃনগর ট্রেন ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালক আল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ফিড বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। চালক ও হেলপার ট্রাকটি সচল করার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা আন্তঃনগর খুলনা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকচালক আল আমিন আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি শহিদুল ইসলাম।