০৫ মার্চ, ২০২৬
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দিনবদলের অঙ্গীকার নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। আপনারা এম ইলিয়াস আলীকে যে সম্মান দেখিয়ে ভোট প্রদান করেছেন, আপনাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ইলিয়াস আলীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের নিয়েই আমি কাজ করে যাব। ইতোমধ্যেই আমরা রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম-মুয়াজ্জিন সাহেবদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী, বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য আবরার ইলিয়াস অর্ণব ও পৌর বিএনপির সভাপতি হাজি আবদুল হাই প্রমুখ।