০৬ মার্চ, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দে এক বৃদ্ধের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির প্রতিবেশী দাদা মমিন মল্লিককে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক মমিন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রাম এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে একই গ্রামের মমিন মল্লিক বাক প্রতিবন্ধী ওই শিশুকে ফুঁসলিয়ে তার নিজের ঘরের ভেতরে নিয়ে যায়।
সেখানে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে ৫৮ বছরের বৃদ্ধ মমিন। ধর্ষণের শিকার হওয়ার পর শিশুটি নিজ বাড়িতে গিয়ে ইঙ্গিতপূর্ণভাবে তার মাকে বিষয়টি জানায়। এসময় মা বিষয়টি পুরোপুরি বুঝতে না পারায় ঘটনা দু’দিন গোপন থাকে।
পরে বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার (৫ মার্চ) ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষক মমিন মল্লিকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
এদিকে থানায় মামলা দায়েরের সঙ্গে সঙ্গে অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। পরে মমিন মল্লিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ধর্ষণের স্বীকার বাক প্রতিবন্ধী ওই শিশুকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, অভিযুক্ত মমিন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছি।
এদিকে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে বাক প্রতিবন্ধী। এ সুযোগে প্রতিবেশী মমিন মল্লিক আমার প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করেছে। আমি এর সঠিক বিচার চাই। মমিন মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।