রাজবাড়ীতে মাইক্রোবাসচাপায় কৃষক নিহত

০৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর গান্ধিমারা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসচাপায় ভ্যানের যাত্রী সলিম শিকদার নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় ভ্যানের অপর দুই যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

নিহত সলিম শিকদার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মদিক শিকদারের ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের একটু আগে এই দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগের মৃত্য হয়েছে।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।