০৭ মার্চ, ২০২৬
ফেনীর ফুলগাজীতে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ফুলগাজী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ফারিয়া সুলতানা মিম (১৫), সে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী বাজারে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করছিল মিম। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ইফতার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় মিম তার রুমে ছিল। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। পরে তার রুমের দরজা ভেঙে দেখা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে মিমের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ইফতার প্রস্তুতির সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে দরজা বন্ধ করে এ ঘটনা ঘটায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।