০৮ মার্চ, ২০২৬
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কঠোর সমালোচনা করে যুদ্ধের অবসানে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। শনিবার রাজধানীর নতুন বাজারের মোঘল পার্টি সেন্টারে আয়োজিত দলের ইফতার ও দোয়া মাহফিলে নেতারা এসব কথা বলেন।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধ মানেই ধ্বংস, প্রাণহানি এবং মানবতার বিপর্যয়। বিশেষ করে নিরীহ শিশু ও সাধারণ মানুষের প্রাণহানি বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। তারা বলেন, মানবতার স্বার্থে এই ধরনের যুদ্ধের অবসান জরুরি এবং মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
বক্তারা আরও বলেন, যুদ্ধ নয়—বিশ্ববাসী শান্তি চায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সংঘাত বন্ধ করা প্রয়োজন। তারা আল্লাহর কাছে মানবতার শত্রুদের পরাজয় কামনা করেন এবং মুসলমানদের ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা আগত অতিথিদের স্বাগত জানান। এ সময় দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মো. ওয়াসিমুল ইসলাম, মোহসিন চৌধুরী, আসাদুজ্জামান বাচ্চু, জুবরান গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজরিনা মান্নান, সহ-সভাপতি ড. নোমান, আমিনুল ইসলাম বুলু, মোস্তফা সারোয়ার, আরিফুল হক সুমন, জাকারিয়া স্বপন, মিজানুর রহমান মৃধা চন্দন, সনি আদিত্য, মিজানুর রহমান রিটু, মো. শাহিন খান সুভেলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।