০৯ মার্চ, ২০২৬
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। এ লক্ষ্যে রবিবার সকালে শহরের বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সকালে জয়দেবপুর এবং দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংস ও মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা, ওজন পরিমাপের যন্ত্র, পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সিটি প্রশাসক।
এ সময় ক্রেতারা কিছু পণ্যের দাম বেশি নেওয়া এবং কোথাও কোথাও মূল্যতালিকা না টানানোর অভিযোগ করেন। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে সতর্ক করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ী বা মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসজুড়ে গাজীপুর মহানগরের বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ করা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।