০৯ মার্চ, ২০২৬
কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ বলছে প্রথম ঘটনাস্থল মন্দির এবং পরে একই সড়কে আরো দুইটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
রাত ১১ টার দিকে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট ইসকন মন্দির থেকে জব্দ করা একটি ব্যাগ লালমাই পাহাড় এলাকায় নিয়ে নিষ্কিয়করণ করেছে। বোমা নিষ্কিয়করণের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার।
এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা শিব মন্দিরসহ পাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শিব মন্দিরে বিস্ফোরিত ককটেলে পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আরও ৩ জন আহত হয়েছে।
আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত একজন ব্যক্তি ব্যাগ হাতে শিব মন্দিরের পাশে ইসকন মন্দিরে প্রবেশ করে। পাশে আরো কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরিহিত ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে, ওরা পালিয়ে যাওয়ার সময় শিব মন্দির লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেছে। যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একই সড়কে আরো ২ থেকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আরও ৩ জন আহত হয়।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্দেহভাজন ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, ‘মন্দিরের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছিলাম। এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা করছে। ইসকন মন্দির কর্তৃপক্ষ ও কালী গাছ তলা মন্দির কমিটির পক্ষ থেকে সোমবার পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘আমরা ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্বৃত্তের রেখে যাওয়া একটি ব্যাগ রবিবার রাত ১১ টায় লালমাই পাহাড়ে নিষ্কিয় করেছে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট। তবে ওই ব্যাগে বোমা ছিল কিনা এমন তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় সোমবার মামলা করবে মন্দির কর্তৃপক্ষ।’