কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত

১০ মার্চ, ২০২৬

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী মিনি ট্রাক উল্টে গিয়ে মো. আজিজুল ইসলাম (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধবোঝাই করে মিনি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশে যাচ্ছিল। পথে কাপ্তাইয়ের রাইখালী কারিগর পাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলাম প্রাণ হারান। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক সঙ্গীতা বৈরাগী তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।