১০ মার্চ, ২০২৬
রাঙামাটিতে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তেল আসার খবরে পাম্পে গ্রাহকরা উপচে পড়ছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেন অনেক গ্রাহক।
জানা গেছে, রাঙামাটি শহরে মোট সাতটি ফিলিং স্টেশন থাকলেও বর্তমানে মাত্র দুটি পাম্পে ডিজেল এবং একটি পাম্পে অকটেন পাওয়া যাচ্ছে।
অন্যদিকে গত রবিবার থেকে খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ইসমাইল বলেন, ‘আমাদের চাহিদা ১৬ হাজার লিটার। কিন্তু তেল পেয়েছি আট হাজার লিটার। সবমিলে আমাদের কাছে তেল আছে ১৫ হাজার লিটার।
ডিপো থেকে বলা হয়েছে, তেল যা দেওয়া হচ্ছে সেটা দিয়ে চারদিন চালাতে হবে, কিন্তু মানুষের যে ভিড় তাতে আমাদের যা আছে সবই দিয়ে দিচ্ছি। কোনো পাম্পে তেল না থাকাতে চাপ বেশি পড়ে গেছে।’
এদিকে জেলার সঙ্গে ছয়টি উপজেলার নৌ-যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা।
পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দূরপাল্লার পণ্যবাহী পরিবহন পরিচালনায়ও সমস্যায় পড়েছেন যানবাহনের চালকরা।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে কোনো পাম্পে অকটেন দেওয়া হলে অন্য কোনো পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘রেশনিং পদ্ধতিতে পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কারো তেল পেতে কোনো সমস্যা হলে প্রশাসনের পক্ষ থেকে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।