১০ মার্চ, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে সোমবার বিকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলাম রানা (২৫), কাটাবাড়ি এলাকার সামিউল (২২), মালেকাবাদ এলাকার হাবিল মিয়া (৪৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রিয়াদ (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী রিফুজী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়ামিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড - এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।