কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ, ২০২৬

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে ধারণা পান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও জাকির হোসেন, সহকারী কমিশনার শেখ মাহবুবে সোবহানী, এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ ও ফারহানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ. দা.) মো. এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।