১০ মার্চ, ২০২৬
মাত্র ২০ হাজার টাকার বেতনের চাকরি করেও পাঁচ বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন হিসাবরক্ষক হাসিবুল হাসান রাজিব (৩০)। রাজধানীর চকবাজার থানা পুলিশ তাকে ১০ কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, চকবাজার থানার এসআই মো. হারুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ কোটি টাকার প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসিবুল রাজধানীর নাহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুযোগে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় প্রবেশাধিকার নিয়ে তিনি বিভিন্ন কৌশলে বিপুল অর্থ আত্মসাত করেন। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেড় বছর আগে আর্থিক অনিয়ম ধরা পড়ার পর হাসিবুল আত্মসাৎকৃত অর্থের কিছু অংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। বরং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালানো ও কর্তৃপক্ষকে হয়রানির চেষ্টা করেছেন। এছাড়া আত্মসাতকৃত অর্থ ব্যবহার করে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয়তলা বিলাসবহুল বাড়ি নির্মাণের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের শেয়ারও কিনেছেন বলে অভিযোগ রয়েছে।
নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী জানিয়েছেন, আইনের আশ্রয় নেওয়ার পর হাসিবুল প্রতিষ্ঠান কর্মীদের ওপরও বিভিন্ন সময় হামলা চালিয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।