১০ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে কবরস্থানের গেট ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার মাধবখালী গ্রামের মন্ডলপাড়া (পশ্চিমপাড়া) ও খানপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, খানপাড়ার আশরাফুল ইসলাম (৫০) ও তার ছেলে মোহাম্মদ লিখন (২২) এবং খানজাহান খান (৪৫), মণ্ডলপাড়ার রোজিনা খাতুন (৩৮), নাজমা খাতুন (৫২), তৃষ্ণা (৩৩) এবং দুর্জয় হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবখালী গ্রামের কবরস্থানটি দীর্ঘদিন ধরে দুই পাড়ার মানুষ ব্যবহার করে আসলেও কবরস্থানের গেট ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।