সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

১১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে পরিচালিত দুটি ভাটাও ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বেশ কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিধি লঙ্ঘন করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯)-এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

জরিমানাকৃত ভাটাগুলো হলো মেসার্স বর্ণ ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকস ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস ৫ লাখ টাকা, এবং মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।