১১ মার্চ, ২০২৬
চাঁদপুর হাইমচরে অভিযান চালিয়ে ১২৭.৫ মণ (৫১০০ কেজি) জাটকা সহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কর্তৃক হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের ২ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জেলেদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জব্দকৃত জাটকা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুরে ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল দু’মাস পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। এসময় নদীতে ইলিশ সহ সবধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।