১১ মার্চ, ২০২৬
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার অর্থ বণ্টনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের (প্রায় ১০৩ কোটি রুপি) প্রাইজমানি পুল থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল- সব ধাপ মিলিয়ে প্রতিটি দলের পারফরম্যান্সের ভিত্তিতে এই অর্থ নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রতিটি দলের জন্য নির্ধারিত ২ লাখ ২৫ হাজার ডলারের অংশগ্রহণ ফিও অন্তর্ভুক্ত রয়েছে।
চ্যাম্পিয়ন ভারত পেয়েছে সর্বোচ্চ ২৬ লাখ ৩৯ হাজার ৪২৩ ডলার (প্রায় ২৪.২৫ কোটি রুপি) যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা। রানার্সআপ নিউজিল্যান্ডের প্রাপ্তি ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার (প্রায় ১৩.০৮ কোটি রুপি)। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১০ লাখ ৫ হাজার ৫৭৭ ডলার (প্রায় ৯.২৪ কোটি রুপি) এবং ইংল্যান্ড পেয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৪২৩ ডলার (প্রায় ৮.৯৬ কোটি রুপি)।
এদিকে পাকিস্তান পেয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৯২ ডলার (প্রায় ৪.৮০ কোটি রুপি)।
পুরস্কার অর্থের তালিকা (মার্কিন ডলার):
ভারত — ২৬,৩৯,৪২৩
নিউজিল্যান্ড — ১৪,২২,৬৯২
দক্ষিণ আফ্রিকা — ১০,০৫,৫৭৭
ইংল্যান্ড — ৯,৭৪,৪২৩
ওয়েস্ট ইন্ডিজ — ৫,৩৮,২৬৯
পাকিস্তান — ৫,২২,৬৯২
জিম্বাবুয়ে — ৪,৯১,৫৩৮
শ্রীলঙ্কা — ৪,৭৫,৯৬২
আফগানিস্তান — ৩,০৯,৮০৮
অস্ট্রেলিয়া — ৩,০৯,৮০৮
যুক্তরাষ্ট্র — ৩,০৯,৮০৮
স্কটল্যান্ড — ২,৭৮,৬৫৪
আয়ারল্যান্ড — ২,৭১,৭৩১
ইতালি — ২,৫৬,১৫৪
নেদারল্যান্ডস — ২,৫৬,১৫৪
সংযুক্ত আরব আমিরাত — ২,৫৬,১৫৪
নেপাল — ২,৫৬,১৫৪
কানাডা — ২,২৫,০০০
নামিবিয়া — ২,২৫,০০০
ওমান — ২,২৫,০০০
এদিকে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে আলাদাভাবে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন দলের জন্য ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে ১৩১ কোটি রুপি দেওয়া হচ্ছে, যা এখন পর্যন্ত ভারতীয় দলের জন্য ঘোষিত সর্বোচ্চ পুরস্কার। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ- সবার প্রতি অভিনন্দন।”