চট্টগ্রামের পটিয়ায় জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

১২ মার্চ, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) রাতে পটিয়া থানার একটি দল কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মা ডেইরি ফার্মের নিচতলায় অভিযান চালায়।

হাজী দুলাল মিয়ার ভবনের নিচতলায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে সেখানে বসানো আসর থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আশিয়া এলাকার মো. হারুন (৪৩), কুসুমপুরা এলাকার ফয়েজ আহম্মে (৪৫) এবং শোভনদন্ডী ইউনিয়নের লাউয়ারখীল এলাকার মো. শহিন আলম (২৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার দুই সেট তাস, নগদ ৯ হাজার ৪০০ টাকা এবং জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা জব্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই রাতে পৃথক অভিযানে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার হাঁসের দীঘি এলাকার মো. জাহিদুল ইসলাম ওরফে হাসান (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক ইউসুফ আলী মৃধা, সহকারী উপপরিদর্শক মীর মো. মনির, মাসুকুর রহমান ও শামীম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘মাদক, জুয়া ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।