চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

১৩ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে ভারতে যাওয়ার সময় অবৈধভাবে পাচারকালে স্বর্ণের বারসহ মো. সনি (২৭) নামে এক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে এ ঘটনা ঘটে। এ সময় সনির কাছ থেকে ২৩১.৮১ গ্রাম  খাঁটি স্বর্নের দুটি বার পাওয়া গেছে, যার বাজারমূল্য ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা।

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে আইসিপিতে  কবর্তব্যরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির দেহের  অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজের নিকট স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়।

বিজিবি আরো জানায়, বার দুটি জেলার দুইটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯) বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা  ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোনো চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।