১৪ মার্চ, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলা এলাকায় রতন মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া ওই গ্রামের বাসিন্দা এবং আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী হরিতলা গ্রামের একটি স্থানে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রতন মিয়াকে গলা কেটে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।