চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান, গ্রেপ্তার চার

১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২৭ এম্পুল বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশন এবং ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুর ও বিকালে মিলে এ অভিযান চালানো হয়। বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরপাড়া ও পৌর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে কাশিবাটি শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ পৌর  ৬ নং ওয়ার্ডের কাশিবাটি শেখটোলা মহল্লার মৃত আজমত শেখের ছেলে হেলাল উদ্দিন (৪০), পৌর বড়চক দৌলতপুর মহল্লার মো. বাবুলের ছেলে আনোয়ার হোসেন (২৬), ছত্রাজিতপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া গ্রামের সহীম উদ্দিনের ছেলে মো. রনজু (৪০) ও ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত আইস উদ্দিনের ছেলে দুরুল হোদা (৫৫)।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনজুকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, দুরুল হোদাকে ৩ দিনের কারাদণ্ড, আনোয়ার হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলাল উদ্দিনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।