দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

১৬ মার্চ, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সিলেটে শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের নিকলীসহ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে তা মূলত বর্ষা শুরু হওয়ার পূর্ব মুহূর্তের সাধারণ প্রকৃতি। এসব বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকতে পারে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।