১৬ মার্চ, ২০২৬
রাজধানীর ডেমরায় খাদিজা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পূর্ব ডগাইর মহাকাশ রোড এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে ডেমরা থানার এসআই মো. সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় পূর্ব ডগাইর মহাকাশ রোড এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে খাদিজা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এসআই সাদ্দাম হোসেন বলেন, ঘটনার আগে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে খাদিজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত খাদিজা আক্তারের বাবার নাম হাবিবুর রহমান খান এবং মায়ের নাম ফাতেমা বেগম। তার স্বামীর নাম গিয়াস উদ্দিন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদিজা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
তবে এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই সাদ্দাম হোসেন।