১৬ মার্চ, ২০২৬
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের ৩৯টি দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম বাড়েনি। এর কারণ হিসেবে তিনি বলেন, এটাই বিএনপি।
সোমবার দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এ বিষয়ে সমাধান খুঁজতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে পাঁচটি বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, যেসব যাত্রীর বিমানের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না। যে দামে টিকিট কেনা হয়েছিল, সেই টাকাই ফেরত দেওয়া হবে।
খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু, শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং মোস্তাফিজুর রহমান বাবুল।
এর আগে প্রতিমন্ত্রী কাটাখালি খাল খনন প্রকল্পের ফলক উন্মোচন এবং খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।