এপিবিএন প্রধান হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

১৭ মার্চ, ২০২৬

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে সম্প্রতি পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। পদটি এতদিন ফাঁকা ছিল। ওই পদে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হাসিব আজিজকে নিয়োগ দিয়েছে সরকার। 

 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডিপ্রধান মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদার বিপিএর প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।