নওগাঁয় যাত্রীবাহী বাসে টাস্কফোর্স অভিযান, ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ

১৭ মার্চ, ২০২৬

নওগাঁ সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সোমবার (১৬ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে করে ক্রিস্টাল মেথ আইস পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এ অভিযানে নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অংশ নেন।

অভিযান চলাকালে সাহাপুর এলাকার হোটেল মল্লিকার সামনে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৭ মার্চ) ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার করা মাদক নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান,  দায়িত্পূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।