১৭ মার্চ, ২০২৬
সুন্দরবনের বনদস্যু নানাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ৭ মার্চ নানাভাই বাহিনীর সদস্যরা ওই ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় মো. কবির নামের এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানান। তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।
অভিযান চলাকালে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা থানার বাসিন্দা। অপরদিকে রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।
সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।