১৭ মার্চ, ২০২৬
বরিশাল নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঈদ জামাতকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
পরিদর্শন শেষে তিনি জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত বরাবরের মতোই হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫ থেকে ৭ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ছাড়াও সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জামাতে অংশ নেবেন। মুসল্লিদের সুবিধার্থে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন এলাকায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসল্লিরা নামাজ আদায় করবেন। নগরীর কয়েকটি মসজিদে দুটি করে জামাতের আয়োজন করা হয়েছে।
এর মধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ ও পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।