গোপালগঞ্জে দুদকের মামলায় দিদারুল গ্রেফতার

১৯ মার্চ, ২০২৬

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গোপালগঞ্জে দিদারুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিদারুল ওই উপজেলার এস্কেন্দার হাওলাদারের ছেলে। তিনি বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, দুদকের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি তার সম্পদের হিসাব জমা দেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৮ জুন আবারও সম্পদের বিবরণী দাখিল করেন।

তার দেওয়া তথ্যে ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা উল্লেখ করা হয়। তবে দুদকের অনুসন্ধানে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। এতে দেখা যায়, তিনি জ্ঞাত আয় বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।