টঙ্গীতে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের মারধর, গ্রেফতার

১৯ মার্চ, ২০২৬

টঙ্গীতে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের মারধরের ঘটনায় একজন গ্রেফতার।

গাজীপুরের টঙ্গীতে উল্টোপথে প্রাইভেটকার চলাচলে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের তিন কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন- ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার উল্টোপথে চলছিল। এ সময় ট্রাফিক সার্জেন্ট শাহজালাল গাড়িটি থামিয়ে বাধা দেন। এতে গাড়িতে থাকা যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় এবং গাড়িতে থাকা কয়েকজন নেমে এসে পুলিশের ওপর কিল-ঘুষি মারতে থাকে।

এ খবর পেয়ে ট্রাফিক পুলিশের ইমরান তালুকদার ও এএসআই তরিকুল ইসলাম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীন (২৫)সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১-২ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।