ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

১৯ মার্চ, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশিক (৫৫) সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে সিএনজি চালক আশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

খাঁটিহাটা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।