কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদ ও ক্রিস্টাল মেথসহ কারবারি আটক

১৯ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ক্রিস্টাল মেথ (আইস) পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে একজন কারবারিকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আবদুল আলীম তাহের, তিনি হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার আবু তাহেরের ছেলে।

বুধবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, গত ১৭ মার্চ সন্ধ্যায় নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে, টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে একটি অটোরিকশা জাদিমুড়া বাজারের দিকে যাবে। ওই অটোরিকশায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) থাকতে পারে এবং চালক নিজেই তা বহন করছে বলে জানা যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল লেদা ও মুছনী বাজার সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। অটোরিকশাটি মুছনী বাজার এলাকায় পৌঁছালে সেটির গতিরোধ করা হয়। পরে অটোরিকশা ও চালকের দেহ তল্লাশি করে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে দুটি ছোট প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে একটি প্যাকেটে ছিল দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড গুলি। অপর প্যাকেটে ছিল ৪০০ গ্রাম (পলিথিনসহ) ভয়াল মাদক ক্রিস্টাল মেথ (আইস)।

আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।