নিহতের গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু

২০ মার্চ, ২০২৬

বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুরুতেই তিনি বলেন, ‌‌‍“আমি বেঁচে আছি, আর তোমরা সবাই সাক্ষী।”

৮ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন এমন গুজব অনলাইনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়, কারণ রবিবারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে উপস্থিত ছিলেন কিন্তু অবস্থান প্রকাশ করেননি।

পরবর্তীতে নেতানিয়াহু এক্স-এ ভিডিও পোস্ট করলে বিতর্ক নতুন করে জ্বলে ওঠে; কম মানের ভিডিওতে হাতে ছয়টি আঙুল থাকার কারণে অনেকে ভিডিওটি এআই-নির্মিত বলে দাবি করেন। মৃত্যুর গুজব থামানোর জন্য পরে তিনি জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন। তবে সেই ভিডিও নিয়েও আলোচনা হয়, বিশেষত ক্যামেরায় ধরা কফি বারিস্তার উষ্ণ হাসি ভাইরাল হয়।

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন গত বুধবার এক সাক্ষাৎকারে বলেন, “না, নেতানিয়াহু মারা যাননি।” তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন শুধুমাত্র বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য ছিল না; এটি মার্কিন “মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন” আন্দোলনের কিছু অংশের সমালোচনার প্রতিক্রিয়াও ছিল।