লাকসামে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

২০ মার্চ, ২০২৬

কুমিল্লার লাকসামে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় গুম হওয়া পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের ফতেপুরস্থ বাসভবনে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহনাজ আক্তার রানু।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সুমন এবং পৌরসভা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আজিজ।

প্রধান অতিথি শাহনাজ আক্তার রানু বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের আমরা যেমন স্মরণ করি, তেমনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত জুলাইয়ের যোদ্ধাদেরও স্মরণ করি। গত ১৭ বছরে দেশে দুঃশাসন ও ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব কারণেই ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছেন। দুর্নীতি যেখানে থাকবে, সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলব। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহনাজ আক্তার রানু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।