জামালপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

২০ মার্চ, ২০২৬

জামালপুরে ক্ষেত থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীর নাম হৃদয় হাসান (১৫)। সে ওই এলাকার মধু মিয়ার ছেলে।সে কেন্দুয়া কালিবাড়ী মুকুল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল হৃদয়। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে ঝড়বৃষ্টি শুরু হয়। দ্রুত বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের বৃষ্টির সময় বজ্রাঘাতে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।