অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

২১ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বিদেশে যাওয়ার টাকা লেনদেনকে কেন্দ্র করে শুক্রবার বিকালে খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে একই এলাকার মাস্টারবাড়ির বাবুল মিয়া খয়েরপুর মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে ভালো কাজ দিতে না পারা এবং আকামার জন্য নেওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মালয়েশিয়ায় থাকতে না পেরে একপর্যায়ে আজিজুল দেশে ফিরে আসেন। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তার কাছে টাকা ফেরত চান এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন।

শুক্রবার বিকালে স্থানীয় কদমচাল বাজারে আজিজুলকে পেয়ে বাবুল মিয়া বিচার দেওয়ার বিষয়টি জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বিদেশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।