ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

২১ মার্চ, ২০২৬

ঈদের আগের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজধানীর হাতিরঝিলের মধুবাগে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত ১৭ বছর বয়সী মো. রাব্বী মগবাজারের আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাকে ছুরি মারা হয় বলে জানান হাতিরঝিল থানার এসআই পার্থ সারথি দাস।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাব্বীকে মৃত আনা হয়েছে বলে জানান।

রাব্বীর বাবার নাম মো. ফারুক। পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা গ্রামে।

এসআই পার্থ বলেন, ‘তারা একই সাথের ছেলেপেলে, কথাবার্তা থেকে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানতে পেরেছি।’

নিহত রাব্বীর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন হওয়ার তথ্য দেন তিনি।

রাব্বীকে হাসপাতালে নিয়ে যাওয়া কাজী সিয়াম নামে একজন বলেন, ইফতারের পর রাব্বী বন্ধুদের সঙ্গে মধুবাগ মাঠে আড্ডা দিচ্ছিল।

তখন এলাকারই কয়েকজন ছেলে এসে তাকে ঘিরে ধরে। তর্কাতর্কির একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশের ধারণা, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে’ রাব্বীকে ছুরি মারা হয়েছে।

এসআই ইব্রাহিম খলিল বলেন, ‘তারা বন্ধুরা মিলে সেখানে ছিলেন। তারা কয়জন ছিল বা কে হামলা করেছে সেটি জানতে আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছি।

যারা রাব্বীকে হাসপাতালে নিয়ে এসেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছি।’

জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।