রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

২১ মার্চ, ২০২৬

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদে প্রধান জামাতে নামাজ আদায় করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা।

প্রধান জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন। ঈদের খুতবা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা এবং মুসলিম দেশগুলোর ওপর সকল প্রকার দমন, নিপীড়ন ও নির্যাতন বন্ধের জন্য দোয়া করা হয়।

এর আগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুর নগরী ছাড়াও একই সময়ে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সড়ক বিভাজকগুলোতে ‘ঈদ মোবারক’ লেখা পতাকা দিয়ে সাজসজ্জা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে।