২২ মার্চ, ২০২৬
ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।
আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ঈদের ছুটিতে শরীফুল ইসলাম মোটরসাইকেলে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। বৈকুণ্ঠপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।