২৩ মার্চ, ২০২৬
রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনেরা জিহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত জিহাদের ভাই ফাহিম রহমান রুদ্র জানান, তারা লালবাগ পোস্তা এলাকার একটি বাসার চার তলায় ভাড়া থাকেন।
জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। দুই ভাই ও এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট। বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়।
তিনি আরো জানান, জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পারি, জিহাদের একই স্কুলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলের দিকে বাসায় আসে। সন্ধ্যার দিকে মোবাইলে ওই মেয়ের সঙ্গে ঝগড়া হয়।
মেয়েটি বলে জিহাদের সঙ্গে সে আর সম্পর্ক রাখবে না। অভিমানে জিহাদ ঘরের দরজা বন্ধ করে দেয়।
জিহাদের ভাই আরো জানান, অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলেনি সে। পরে দরজা ভেঙে দেখা যায় জিহাদ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনরা জানান, সে গলায় ফাঁসি দিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা-পুলিশ তদন্ত করছে।