২৩ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের টর্চ লাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মুসাব্বির ওরফে বাবলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে নিহতের সুরতহাল প্রস্তুত করেছে পুলিশ।
নিহতের পরিবার ও আহতরা জানান, শনিবার ঈদের দিন হওয়ায় মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘুরছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে পথ চলতে গিয়ে তিনি মোবাইলের টর্চ লাইট জ্বালান। এ সময় সড়কের পাশে বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। টর্চের আলো তাদের চোখে পড়ায় তারা ক্ষিপ্ত হন। এ নিয়ে তানভীর ও তাকবিরের সঙ্গে মুসাব্বির ও সুজনের তর্কবিতর্ক হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু রাতে মুসাব্বির আবার কয়েকজন বন্ধুকে নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তাকবির, তানভীর, হাসানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে মুসাব্বির ও তার দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়াকে আঘাত করে।
ঘটনার পর পরিবারের সদস্যরা মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাসাকিন ও সুজন বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে