২৫ মার্চ, ২০২৬
দেশের ১৮তম নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের মানুষ প্রত্যাশা করে বিচার বিভাগের প্রতি যে আস্থার সংকট, সেটি দূর হোক আইনের শাসন ফিরে আসুক। রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় এমনভাবে কাজ করবো।
বুধবার (২৫ মার্চ) সবিচালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাধারণ মানুষের বিচার বিভাগের ওপর যে আস্থার সংকট, সেটা কাটিয়ে ওঠা অন্যতম চ্যালেঞ্জ-এ কথা জানিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে বিচার বিভাগের প্রতি যে আস্থার সংকট সেটি দূর হোক, আইনের শাসন ফিরে আসুক।
তিনি আরও বলেন, এই পদটি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ। গুরুদায়িত্ব মনে করি, আগামী দিনে অতীতের অভিজ্ঞতাগুলো যেন ফিরে না আসে সেটির প্রত্যাশা করি। অতীতে নানাভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় এমনভাবে কাজ করবো।
বিচার বিভাগে অনেক সমস্যা আছে, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের সহয়তায় এগিয়ে যাবো এমনটা আশা করছি বলেও জানান তিনি।
রাষ্ট্রের স্বার্থের পক্ষে কাজ করাই অ্যাটর্নি জেনারেলের কাজ, পাশাপাশি সরকারকে আইনী পরামর্শ দেয়া-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে।
অতীতে ফ্যাসিবাদ কায়েমে বিচার ব্যবস্থার ভূমিকা ছিল না, সেটা অস্বীকার করা যাবে না বলেও জানান তিনি।