চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২

২৬ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালী (৫৩) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। ওই সময় তার চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেয়। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলাম গুরুতর জখম হন।

পরে আহত অবস্থায় প্রথমে শহিদুল ইসলামকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন শহিদুল ইসলামের মৃত্যু হয়। এই মৃত্যুর আগে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।’